রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজারে বোনের বাসা থেকে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমির হোসেন আকন্দ (২৮)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ছোট কৃষ্ণনগর গ্রামের মৃত ইউনুস আলী আকনের ছেলে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে মোহাম্মদপুর রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টায় মৃত ঘোষণা করেন।
নিহতের বোন জামাই রুবেল জানান, আমির বিভিন্ন দোকানে পানি সাপ্লাই করতেন। শুক্রবার রাতে সালাম নামের একজন আমার বাসা থেকে আমিরকে ডেকে নিয়ে যান। পরে রাস্তায় আমিরের সঙ্গে সালাম, কবীর ও হুমায়ুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে আমিরের বন্ধু মিলন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই জাকির হোসেন জানান, কয়েক মাস আগে কবীর ও হুমায়ুনের সঙ্গে আমিরের ঝগড়া হয়। ইতিপূর্বে ও তারা আমার ভাইকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মারধর করেছিলেন। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমানে তিনি লালবাগ শহীদনগর ৫ নম্বর গলিতে থাকতেন তিনি। মোহাম্মদপুরে তার বোনের বাসা। তিনি এলাকাতে দোকানে দোকানে পানি সরবারহ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এদিকে, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ছুরিকাঘাতে আমির হোসেন নামে এক যুবক খুন হয়েছেন। তবে, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
