ফেবারিট তকমা নিয়েই আজ (২২ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটি যেন হারে হারে অনুভব করছে প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। টস হেরে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই মাত্র ৯৬ রানে অলআউট হয়ে গেছে সিলেট।
এদিন, টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। শুরু থেকেই সিলেটি ব্যাটারদের চাপের মধ্যে রাখে দলটির বোলাররা। পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট শিকার করতে থাকে। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১০০ রানও যোগ করতে পারলো না সিলেট।
দলটির পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন কলিন ইনগ্রাম। এছাড়া রবি বোপারা ১৭ ও সোহাগ গাজী ১৭ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। কুমিল্লার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেছেন নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম এবং একটি করে নিয়েছেন তানভীর ইসলাম ও মুমিনুল হক।

