কাউখালীতে চিকিৎসক-নার্সের মানববন্ধন

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫:২১

পিরোজপুরের কাউখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মাসুম হোসেনের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। এসময় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

শনিবার (২২শে জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জরুরি চিকিৎসা ও টিকা দান কর্মসূচী ব্যতীত সব ধরণের কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। মানব বন্ধন চলাকালে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন হাসপাতালের কর্মরত কর্মচারীরা। উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ঢুকে জরুরি বিভাগে কর্মরত থাকা কর্মচারীর উপর নির্যাতন ও হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। 

এ বিষয়ে শুক্রবার (২১ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুব্রত কর্মকার বাদি হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

ইত্তেফাক/এমএএম