দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল, সব খেলা মহারাষ্ট্রে!

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:২১

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। এবার মোট দশটি দল টুর্নামেন্টটিতে অংশ নেবে। এরই মধ্যে নিলামের জন্য খেলোয়াড় তালিকাও চূড়ান্ত হয়ে গেছে।

এদিকে, ভারতে করোনা সংক্রমণ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। দৈনিক ৩ লাখেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে টুর্নামেন্টটির আয়োজন পদ্ধতি কেমন হবে, তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিক যে হচ্ছে না তাও এক প্রকার নিশ্চিত বলা যায়। শোনা যাচ্ছে, করোনার সংক্রমণ এড়াতে নির্দিষ্ট একটি রাজ্যে সবগুলো ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা চলছে।

এদিকে, বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় একটি সূত্র বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছে, ‘ভারতেই আইপিএল আয়োজন করা হবে এবং কোনো দর্শক গ্যালারিতে ঢুকতে পারবে না। ভেন্যু হওয়ার সম্ভাবনা বেশি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই) এবং ডিওয়াই পাতিল স্টেডিয়াম। তিনটিই ভেন্যুই মুম্বাইয়ে অবস্থিত। এর বাইরে মহারাষ্ট্রের পুনেতেও আয়োজন করা হতে পারে।’

ইত্তেফাক/টিএ