কুমিল্লায় নৌ-বাহিনীর সৈনিককে গলা কেটে হত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

মা ও স্বজনদের দেখার জন্য কর্মস্থল থেকে রওয়ানা হয়ে আসলেও নৌ-বাহিনীর সৈনিক (নাবিক) মেহরাব হোসেনের (২৩) আর বাড়ি ফেরা হলো না। খুলনা থেকে বদলি হয়ে চট্টগ্রামে যোগদানের পর মেহরাব একদিনের জন্য ছুটি নিয়ে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশে আসার পর বাড়ি পৌঁছার আগেই পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির অদূরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভাংতি গ্রামের গোমতী নদীর তীর থেকে পুলিশ ওই সৈনিকের গলাকাটা লাশ উদ্ধার করে। সৈনিক মেহরাব ওই গ্রামের প্রবাসী সফিকুল ইসলামের ছেলে।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সৈনিক মেহরাবকে দুর্বৃত্তরা গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তবে কে বা কারা এবং কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারের চেষ্টা করছি। থানায় মামলা হয়েছে।

এ দিকে খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার রহস্য উদঘাটনসহ ঘাতকদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।