শুটিং কোচের বেতন প্রতিদিন ২১ হাজার টাকা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১:৪৯

ইরানি শুটিং কোচ জায়ের রেজাই ঢাকায় এসেছেন আরও ২০ দিন আগে। শনিবার (২২ জানুয়ারি) কোচের সঙ্গে স্পন্সরশিপ নিয়ে চুক্তি হয়েছে। দেশের বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান পদ্মা ব্যাংক আগামী তিন বছরের জন্য কোচকে পৃষ্ঠপোষকতা করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

২০২৪ সাল পর্যন্ত শুটিং কোচকে নেওয়া হয়েছে। পুরো সময়টার জন্য পদ্মা ব্যাংক কোচের বেতন বহন করবে বলে গতকাল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মলনে ঘোষণা করা হয়। ৬ হাজার ৫০০ ইউরো মাসিক বেতন ধরা হয়েছে। তাতে দেখা যায় সাড়ে ৬ লাখ টাকা বেতন হয়। প্রতিদিন কোচের বেতন হয় ২১ হাজার টাকার ওপরে। তিন বছরের জন্য ইরানি কোচ জায়ের রেজাই বাংলার রাইফেল শুটারদের নিশানা নিখুঁত করার চেষ্টা করবেন। এর মধ্যে এশিয়ান গেমস অলিম্পিক গেমস ছাড়াও আন্তর্জাতিক শুটিং ইভেন্ট রয়েছে ইরানি কোচের মেয়াদে।

গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুটিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব ইনতেখাবুল হামিদ, সদস্য ফয়সাল আহসান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন পদ্মা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েম, চিফ ফাইন্যানসিয়াল অফিসার বাদল বুমসার নাথসহ অন্য কর্মকর্তারা। ঢাকায় আসার আগে ইরানি কোচ জায়ের রেজাই ইরান জাতীয় দলের কোচ ছিলেন।

ইত্তেফাক/টিএ