ঢাকায় এসে বকেয়া বেতন নিয়ে ফিরে গেলেন ইরানি কোচ

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৩:০৮

বাংলাদেশের শ্যুটিংয়ে ২০২২ সাল থেকে কাজ করছেন ইরানি কোচ জায়ের রেজাই। প্যারিস অলিম্পিক শেষে ফ্রান্স থেকে নিজ দেশ ইরানে ফিরে গিয়েছিলেন তিনি। এক বছর পর ঢাকায় ফিরলেও বকেয়া এক মাসের বেতন নিয়ে তেহরানে ফিরে গেছেন এই ইরানি কোচ।

বেতন পেলেও সামনে কাজ না করায় হতাশ জায়ের। দেশের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এক বছর পর বাংলাদেশে এসেছিলাম, সপ্তাহখানেক ছিলাম। নিজের বকেয়াসহ অন্য সব বুঝে নিয়েছি। তবে বিমান ভাড়া বাকি আছে, ফেডারেশন দেবে বলেছে।’

আর্থিক সমস্যার কারণে ইরানি এই কোচকে রাখতে পারছে না শ্যুটিং ফেডারেশন। জায়ের আরও বলেন, ‘কোচিং করানোর আগ্রহ দেখালেও অর্থনৈতিক সমস্যার কারণে ফেডারেশন অপারগতা প্রকাশ করেছে। তবে আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে নতুন করে কোচিং করাতে। কিন্তু এখন সেটা আর হচ্ছে না।’

দক্ষিণ এশীয় গেমস (এসএ) সামনে রেখে সামনে রেখে বেশ কয়েকটি খেলায় বিদেশি কোচ আনছে ফেডারেশনগুলো। তবে ভিন্ন চিত্র শ্যুটিংয়ে। অথচ আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অন্যতম সফল ইভেন্ট শ্যুটিং। বর্তমানে দেশি কোচ দিয়ে চলতে চায় ফেডারেশন।

শ্যুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। তাকে (ইরানি কোচ) বলেছি যদি অর্থের ব্যবস্থা হয়, তাহলে ডাকবো। তিনি খুবই আগ্রহী বাংলাদেশের হয়ে কাজ করার জন্য। কিন্তু আমাদের বাস্তবতাও দেখতে হবে। একজন বিদেশি কোচের পেছনে সাত-আট হাজার ডলার করে খরচ আছে। সেটার সংস্থান আগে আমাদের করতে হবে।’

ইত্তেফাক/জেডএইচ