গফরগাঁওয়ে যশরা ইউনিয়নের ভারইল এলাকায় চালকের গলা কেটে ইঞ্জিনচালিত রিকশা ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী একদল দুর্বৃত্ত। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত চালক সবুজ মিয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চালক সবুজ মিয়া উপজেলার জম্মেজয় গ্রামের নেওয়াজের ছেলে।
জানা গেছে, গফরগাঁও পৌর শহর থেকে ভারইল গ্রামে যাওয়ার জন্য যাত্রীবেশী ৪ ব্যক্তি ওই ইঞ্জিনচালিত রিকশাটি ভাড়া করে। পথে ভারইল গ্রামের গ্লগ্রাম-ভারইল সড়কের মজিদ মণ্ডলের পরিত্যক্ত ভিটা এলাকায় ক্ষুর দিয়ে চালক সবুজ মিয়ার গলা কেটে রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
সবুজ মিয়ার চিত্কার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সবুজ মিয়াকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
