ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে দীর্ঘদিন ধরে প্রতিবেশি দেশ দুটির মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হচ্ছে না। কেবল আইসিসির টুর্নামেন্টগুলোতেই তাদের প্রতিপক্ষ হিসেবে খেলার মাঠে দেখা যায়। ফলে সমর্থকদের চাহিদার কেন্দ্রবিন্দতে থাকে ম্যাচটি।
গত বছরের অক্টোবরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচটি ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয় পাক বাহিনী। এটাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এর আগ পর্যন্ত সবসময় ভারতই জয় পেয়েছে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর অনুষ্ঠিত হবে। সেখানেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি মেলবোর্নে অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারের কাছে জানতে চায় বার্তা সংস্থা এএনআই।
শোয়েব আখতার বলেন, ‘মেলবোর্নে আমরা আবারও ভারতকে হারাবো। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত থেকেও অনেক ভালো দল পাকিস্তান। যখন উভয় দল ক্রিকেট মাঠে খেলতে নামে তখন ভারতীয় মিডিয়াই তাদের দলের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। ভারতের পরাজয় সাধারণ ঘটনা।’
