ভাণ্ডারিয়ায় হাজী পুনর্মিলনী অনুষ্ঠান
ভাণ্ডারিয়া সংবাদদাতা গতকাল শুক্রবার ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়ন হাজী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে যারা সৌদি আরবে হজ পালন করেছেন তাদের নিয়ে হাজী পুনর্মিলনী অনুষ্ঠানে গৌরিপুর ইউনিয়নের হাজীসহ পার্শ্ববর্তী ইউনিয়নের প্রায় পাঁচশত হাজী এ সম্মেলনে অংশ নেন। গৌরিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ এম.এ খালেক, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এম. এ ফরিদ উদ্দিন, বরিশাল বিভাগের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আলহাজ মো. ইব্রাহিম, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু। এ ছাড়াও হাজীদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মো. সোহবাহান আকন, মো. মোস্তফা মোল্লা, মো. ইব্রাহিম খান, মো. দেলোয়ার হোসেন, রেদওয়ান উল্লাহ প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি এম.এ জলিল।
ব্রাহ্মণবাড়িয়ায় হামদর্দের চিকিত্সা ও ওষুধ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার হামদর্দের উদ্যোগে দরিদ্রদের বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। এ সময় উপস্থিত ছিলেন হাদদর্দের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন। চিকিত্সা সেবা প্রদান করেন হামদর্দের ডাঃ হাকিম ফিরোজ উদ্দিন।
এস এ সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তি
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তি উদযাপন করছে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বার-এর সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। সাবেক এমপি ও মন্ত্রী এফএফ ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তি উত্সব কমিটির আহ্বায়ক সাবেক ভিপি আবদুল মতিন মুন্সি ও সদস্য সচিব অধ্যাপক আবু হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক সচিব ও জাতীয় মানবাধিকার কমিশন মো. নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত ও সচিব মো. আবদুল হান্নান, সচিব ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এনএম জিয়াউল আলম, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নরসিংদী প্রতিনিধি ব্যাপক উত্সাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গতকাল শুক্রবার নরসিংদীর রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি সিদ্দিক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু। খেলার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব আহম্মেদ পার্থ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম সায়েদুল ইসলামের পরিচালনায় মোট ৪৩টি ইভেন্টে ৬শ ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু।
