ম্যাচ খেলতে নামার আগে সমীকরণ ছিল, শ্রীলঙ্কাকে হারাতে পারলেই কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সেটা আর হলো না। লঙ্কান নারীদের কাছে হেরে হতাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে টাইগ্রেসদের।
সোমবার (২৪ জানুয়ারি) কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। এতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশের নারীরা। এতে শ্রীলঙ্কার নারীদের ২২ রানের জয় নিশ্চিত হয়।
এর আগে বাছাইপর্বের প্রথম তিনটি ম্যাচে মালয়েশিয়া, কেনিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল নিগার সুলতানার দল। কিন্তু শেষ ম্যাচে এসে হতাশ হতে হলো। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে জায়গা করে নিলো শ্রীলঙ্কা।
আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। মেয়েদের টুর্নামেন্ট দিয়েই ২৪ বছর পর টুর্নামেন্টটির ২২তম আসরে ফিরছে ক্রিকেট। আট দলের এই টুর্নামেন্টে আরও অংশ নেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
