রাজধানীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর নেতৃবৃন্দ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর উল্লেখ করেছেন, এমন ভয়াবহ ঘটনা এবারই প্রথম নয়। একই ঘটনা পুরাতন ঢাকার নিমতলীতে ২০১০ সালে ঘটেছে। সেই ঘটনার পরও তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট স্থায়ী সমাধানে যেতে না পারলে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন চেম্বারের নেতৃবৃন্দ। ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক দ্বীন মোহাম্মদ এবং হোসেন এ সিকদার এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই সভাপতি বলেন, শুধু সরকারি পদক্ষেপই নয় বরং সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণের সচেতনতার উপর এর সমাধান অনেকাংশে নির্ভর করে। যেহেতু কেমিকেল একটি দ্রুত দাহ্য পদার্থ তাই এর পরিবহন, ব্যবসা ও গুদামজাত ব্যবস্থা অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে। তিনি দ্রুত এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
