মোহামেডানের আরও একটি পয়েন্ট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৯

মোহামেডান আবার গোল খাবে। আবার হারবে। শেখ জামালের মতো দলের বিপক্ষে গোল করতে পারবে না। শেখ জামাল গোল করবে ভেবে ফটো সাংবাদিক আট জন মোহামেডানের পোস্টের পেছনে ক্যামেরা তাক করে আছেন। গোল হয়েছে উল্টো শেখ জামালের জালে। মোহামেডান আত্মঘাতী গোলে এগিয়ে যায়। ফটো সাংবাদিকদের মাথায় হাত। তারপরও তারা হাফ টাইমের পর আবার মোহামেডানের জালের পেছনে ক্যামেরা তাক করেন। এবার শেখ জামাল গোল করেছে। গাম্বিয়ান অধিনায়ক সলোমন কিং গোল করে সমতা ফেরান। ফটো সাংবাদিকরাও খুশি ছবি পেয়ে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে কাল শেখ জামাল ও মোহামেডান খেলাটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

মোহামেডান আরেকটি ড্র পেয়ে দারুণ খুশি। তবে মোহামেডানের এন্তার অভিযোগ রেফারি ভুবন মোহনের বিপক্ষে। রেফারি তিনটি পেনাল্টি দেয়নি। খেলা শেষে তকলিস তার উরু দেখিয়ে বলছিলেন এই দেখেন ভাই আমারে মাইরা কি করেছে। তিনটা পেনাল্টি হয়। একটা পেনাল্টি দিতে পারত রেফারি। পাশেই দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনিও আঙ্গুল তুললেন পেনাল্টি দেয়নি রেফারি। সাংবাদিকরা বললেন পেনাল্টি না হলে রেফারি দেবে কেন। কথাটা শুনে ম্যানেজারের মুখটা যেন বাতাস চলে যাওয়া বেলুনের মতো শুকিয়ে গেল। পেনাল্টির দাবিতে রাগে ক্ষোভে জাহিদ হাসান এমিলি পানির বোতল লাথি মেরে মাঠের ভেতরে ফেলেন। উত্তেজিত সহকারী কোচ শহিদুল ইসলাম জুয়েলও বোতলে লাথি মারলেন ডাগআউটে দাঁড়িয়ে। কেন পেনাল্টি দিল না ম্যানেজার বাবু খেলোয়াড়দের মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বললেন। খেলা থেমে গেল। খেলার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবু বলছিলেন তিনি দুই একজন খেলোয়াড়কে মাঠের বাইরে ডাকছিলেন। এরই মধ্যে মোহামেডানের মুখচেনা কয়েকজন সমর্থক উত্তেজিত অবস্থায়। ডাগআউট থেকে একাধিক খেলোয়াড় বাজে বাজে ভাষায় চিত্কার করলে তাদের থামান ম্যানেজার।

মোহামেডান প্রথম খেলায় জয় পেয়েছিল বিজেএমসির বিপক্ষে। এরপর টানা চার ম্যাচ হারের মধ্যে ছিল। গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল শূন্য ড্র করে। কাল তুলনায় শক্তিশালী শেখ জামালের বিপক্ষে খেলার ২৪ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহামেডান। শেখ জামালের ডিফেন্ডার মনির হেড করে গোলকিপার নাইমকে দিলে সেই বল নিজেদের জালে ঢুকে যায়, এগিয়ে যায় মোহামেডান ১-০। একাধিক গোল মিসের মহড়া দিয়ে ৬২ মিনিটে শেখ জামালের সলোমন কিং আচমকা শট করলে মোহামেডান গোলকিপার সারোয়ার জাহান সেটা ধরতে পারেননি ১-১। তারপরও সুযোগ হয়েছিল গোলের। কিন্তু ভাগ্য দোষের চেয়ে বেশি দোষ ছিল দলের স্ট্রাইকারদের। না হেরে ড্র হওয়ায় খুশি শেখ জামাল। আর মোহামেডান ১ পয়েন্ট পেয়ে আরো খুশি। ভারপ্রাপ্ত কোচ শহিদুল ইসলাম জুয়েল বললেন,‘আমরা টার্গেট করছি আগে ডিফেন্স। পরে আক্রমণ।’ 

আজকের খেলা :

সাইফ স্পোর্টিং : চট্টগ্রাম আবাহনী। ৩টা, রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ। নোফেল স্পোর্টিং : ব্রাদার্স। ৩টা, শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী।