আসন্ন এল ক্লাসিকোতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যখন শিরোপার লড়াইয়ে ব্যস্ত থাকবে তখন বেইন স্পোর্টসের পর্দায় বিশ্লেষণের কাজটি করবেন দু’দলের সাবেক গুরু হোসে মরিনহো। নব্বইয়ের দশকে বার্সেলোনা কোচ ববি রবসনের সহকারী হিসেবে কাজ করেছিলেন এই পর্তুগীজ। পরে ২০১০ সালে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে আসেন তিনি। গেল ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চাকরিচ্যুত হবার পর বিশ্লেষকের কাজ করছেন মরিনহো। প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতেও বেইনের স্টুডিওতে বিশ্লেষক হিসেবে ছিলেন তিনি। এল ক্লাসিকোর বিশ্লেষণে তাকে নিযুক্ত করার পর বেইন এক বিবৃতিতে জানায়, ‘খেলাটির ব্যাপারে হোসের বোঝাপড়া অনন্য। দুই দলের সঙ্গে তার গভীর ইতিহাসের কারণে এই ম্যাচের জন্য তার চেয়ে ভালো কোনো বিশ্লেষক হতেই পারে না।’
