আবার হেরেছে আবাহনী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

শেখ রাসেল ২ : ০ আবাহনী

সিলেটে গিয়ে জয় পায়নি আবাহনী। সিলেটে লাকি ভেন্যুতে শেখ রাসেল এবার নিয়ে টানা তিন ম্যাচ জিতল। এবার শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী। এ নিয়ে দুই খেলায় হারল তারা। প্রথম হেরেছিল নীলফামারীতে বসুন্ধরার কিংসের ভেন্যুতে; বসুন্ধরার কাছে ৩-০ গোলে।

৮ খেলায় আবাহনীর ১৮ পয়েন্ট। ৭ খেলায় শেখ রাসেলের ১৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে শেখ রাসেল।

আবাহনীর হারে দারুন খুশি বসুন্ধরা কিংস। তারাও অপেক্ষায় ছিল আবাহনী পয়েন্ট নষ্ট করুক। কিন্তু সিলেটের মাঠে গিয়ে আবাহনী এভাবে পয়েন্ট হারাবে তা কল্পনাও করেনি। দুই অর্ধে আবাহনী দুই রংয়ের জার্সি গায়ে খেলেছে এবং দুই অর্ধে দুই গোল হজম করেছে আবাহনী। নিয়ম অনুযায়ী যাদের হোম ভেন্যু তারাই হোম জার্সি গায়ে মাঠে নামবেন। কিন্তু আবাহনী প্রতিপক্ষের ভেন্যুতে অ্যাওয়ে জার্সি গায়ে না নামার কারণে বিরতির পর জার্সি বদল করতে বাধ্য হয়েছিল। দুই রাফায়েল গোল করে জিতিয়েছেন কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেলকে। প্রথমার্ধে নাইজেরিয়ান রাফায়েল ওদোইন গোল করেন ১-০। দ্বিতীয়ার্ধে আবাহনীর ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ গোল করেছেন ব্রাজিলিয়ান অ্যালেক্স রাফায়েল ২-০। আবাহনীকে মাথা নিচু করিয়ে সিলেট থেকে বিদায় দিয়েছে শেখ রাসেল। আগামীকাল বসুন্ধরার বিপক্ষে আরামবাগের খেলা ময়মনসিংহে। জিতলে ১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে চলে যাবে। আর আবাহনী তাদের পরবর্তী ম্যাচ খেলবে ঢাকায় মোহামেডানের বিপক্ষে, বুধবার।