ভেনিজুয়েলার ব্রাজিল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিদেশি ত্রাণ সহায়তা প্রবেশ নিয়ে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার রাতে তিনি এই ঘোষণা দেন।
ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানো নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও পশ্চিমা সমর্থিত স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর মধ্যকার চলমান সংকট নতুন মাত্রা পেয়েছে। সীমান্তে ত্রাণ সহায়তা আটকে দেওয়ার ঘটনায় বেড়েছে উত্তেজনা। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো বলেন, কলম্বিয়া সীমান্ত বন্ধেরও পরিকল্পনা করছেন তিনি। ভেনিজুয়েলায় চলমান মানবিক সংকটের বিষয়টি অস্বীকার করে এই ত্রাণকে তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নাটক বলে আখ্যায়িত করেন। প্রেসিডেন্টের সমর্থক ভেনিজুয়েলার সেনাবাহিনী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ত্রাণ প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। মানবিক সংকটের কথা অস্বীকার করলেও মাদুরো তার মিত্র রাশিয়ার কাছ থেকে ৩০০ টন ত্রাণ সহায়তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, বিগত বছরগুলোতে মানবিক সংকট থেকে বাঁচতে ৩০ লাখেরও বেশি মানুষ ভেনিজুয়েলা ত্যাগ করেছে। দেশটির অর্থনৈতিক বিপর্যয়ের জন্য ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে দায়ী করা হয়। গত জানুয়ারির নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু বিরোধী দল ওই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়। গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো।
