জয়ের জন্য বরিশালের প্রয়োজন ‘১৫৯’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২০:০৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ইমরুল কায়েসের কুমিল্লা। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে তার দল। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন বিপিএলে অভিষিক্ত মাহমুদুল হাসান জয়। 

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ও জয়ের ব্যাটে ভালো শুরু পায় কুমিল্লা। কিন্তু নাঈম হাসানের বলে দলীয় ৩৩ রানে ডেলপোর্টের ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে জমা হলে ভাঙে এই জুটি। এরপর কুমিল্লার সবচেয়ে বড় ভরসা ফাফ ডু প্লেসিকে (৬) দ্রুত বিদায় করেন সাকিব আল হাসান।  

ডু প্লেসি বিদায় নেওয়ার পড় কুমিল্লার রানের চাকার গতি কমে যায়। সেই চাপে অধিনায়ক ইমরুল কায়েস ১১ বলে ১৫ রান করে শিকার হন ডোয়াইন ব্র্যাভোর। ক্যারিবীয় অলরাউন্ডারের লাফিয়ে উঠা বল ইমরুলের ব্যাটের কানায় লেগে সোহানের গ্লাভসে জমা হয়। তবে জয় তখন একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন। 

চতুর্থ উইকেটে মুমিনুল হককে নিয়ে জুটি গড়েন জয়। মুমিনুল-জয়ের ৪০ বলে ৪৪ রানের জুটি ভাঙেন জ্যাকব লিনটট। বিপিএল অভিষেকেই অর্ধশতক হাঁকানোর কীর্তি হাতছাড়া করেন জয়। লিনটটের বলে শর্ট থার্ড ম্যানে ক্রিস গেইলের তালুবন্দী হন এই তরুণ ব্যাটার। সমাপ্তি ঘটে জয়ের ৩৫ বলে ৪৮ রানের ইনিংসের। ১১৫ রানে ৪ উইকেট হারায় কুমিল্লা। পরের ওভারেই অভিজ্ঞ মিডলঅর্ডার মুমিনুল হক আউট হন ২৩ বল থেকে মাত্র ১৭ রান করে। সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

কুমিল্লার ইনিংসের পরের গল্পটা পুরোপুরি আফগান অলরাউন্ডার করিম জানাতের। সাকিবের বলে ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। এরপর জিয়া ও ব্রাভোকেও হাঁকান একটি করে ছক্কা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৬ বলে ২৯ রান নিয়ে। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে কুমিল্লা। 

বরিশালের পক্ষে ব্রাভো তিনটি, সাকিব দুইটি এবং নাঈম ও লিনটট একটি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৫৮/৭ (২০ ওভার)
জয় ৪৮, জানাত ২৯*;
ব্রাভো ৩/৩০, সাকিব ২/২৫।

ইত্তেফাক/ ইআ