জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দিচ্ছেন না অং সান সু চি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫

জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও অবশেষে যাচ্ছেন না মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। আগামী সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল নোবেল বিজয়ী এই নেত্রীর।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর কড়া অভিযান চালায়। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা তখন দেশ ছাড়ে। সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। এছাড়া বেসামরিক সর্বোচ্চ নেতা অং সান সু চিরও সমালোচনা করে বলা হয়েছে রোহিঙ্গা নিধনযজ্ঞ ঠেকাতে নিজের নৈতিক অবস্থান ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন তিনি। রোহিঙ্গা নিপীড়ন প্রশ্নে নীরব ভূমিকার কারণে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছেন সু চি। তার নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি উঠেছে। তবে সু চি’র নোবেল পুরস্কার প্রত্যাহারে নোবেল ফাউন্ডেশন রাজি হয়নি। এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের দেওয়া সম্মাননা ফিরিয়ে নিয়েছে। জাতিসংঘের সম্মেলনে মিয়ানমারের পক্ষ থেকে একজন মন্ত্রী অংশ নিচ্ছেন। অথচ বুধবার সকাল ১১টায় বক্তব্য দেওয়ার কথা ছিল। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা ছিল তার।

জাতিসংঘ কর্মকর্তারা বলেন, সু চি সম্মেলনে যোগ দিবেন এমন তথ্য নেই তাদের কাছে। কোনো মন্তব্য করেননি মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তায়। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতও নিষিদ্ধ করে সরকার। রোহিঙ্গা সংকটের পর থেকে জাতিসংঘের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়েছে সু চির।