প্রতিশ্রুতি নয় অ্যাকশনমুখী হতে হবে ইকবাল হাবিব

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৫

স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেছেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকাকে নিরাপদ করতে ১৭টি সুপারিশ করেছিল সরকারি তদন্ত কমিটি। ওইসব সুপারিশ বাস্তবায়নে যদি অবহেলা ও নিষ্ক্রিয়তা না দেখানো হতো তাহলে চকবাজারের ঘটনা ঘটত না। তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওইসব সুপারিশ বাস্তবায়নে অবশ্যই অ্যাকশনমুখী হতে হবে। তবেই বাঁচবে নগরবাসীর প্রাণ।

গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাককে টেলিফোনে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন এই নগর পরিকল্পনাবিদ। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বুড়িগঙ্গার দুই পাড়ে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালাতে দেখা গেছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো ‘অ্যাকশনমুখী’ হয়েছে বলেই সব বাধা উপেক্ষা করে বড় বড় অবৈধ ভবন গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।

ইকবাল হাবিব আরও বলেন, চকবাজারের চুড়িহাট্টায় আমরা আগুনের নির্মমতা ও ভয়াবহতা দেখেছি। ৬৭ জনের প্রাণহানির ঘটনায় বোধোদয় থেকেই আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকায় ২৭ ধরনের যেসব উচ্চ তেজস্ক্রিয় ও দাহ্য বস্তুর গোডাউন রয়েছে সেগুলো চিহ্নিত করে নিরাপদে সরিয়ে নিতে হবে। যেসব শিল্পে এসব দাহ্য বস্তু ব্যবহার করা হচ্ছে সেসব শিল্পের জন্য সুনির্দিষ্ট শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি যেসব কারণে পুরান ঢাকার বসবাসকে ঝুঁকিপূর্ণ করে তুলছে তা চিহ্নিত করতে হবে। এ ছাড়া ডিটেইল এরিয়া প্ল্যান তৈরি করে এলাকাটিকে বাসযোগ্য করে তোলার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন, যাতে করে কোনো ঝুঁকিপূর্ণ ভবন বা স্থাপনা সেখানে দাঁড়িয়ে থাকতে না পারে। এসব করা গেলেই এই পুরান ঢাকাকে বসবাসযোগ্য করে তোলা সম্ভব। এ ছাড়া জনঘনত্ব কমানোর পাশাপাশি সেখানকার জনগণকে সচেতন করার বিষয়ে জোর দেন তিনি।