পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইমরান খানের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

পাকিস্তানে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই নির্দেশের পর সেনাবাহিনীও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত হামলা চালালে কঠিন জবাব দেবে ইসলামাবাদ। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় হামলায় ৪০ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হন। হামলার দায়িত্ব স্বীকার করেছিল পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ। খবর আল-জাজিরা’র

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক শেষে একটি বিবৃতি প্রদান করেন। এতে তিনি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি ভারতের অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কোনোভাবেই এ ধরণের হামলাকে সমর্থন করে না। হামলার পরিকল্পনা ভারতের মধ্যেই করা হয়েছে। ভারত চাইলে তদন্তে সহায়তা করা হবে উল্লেখ করে ইমরান খান বলেন, পাকিস্তানের মাটি ব্যবহার করে কেউ হামলা চালিয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পাকিস্তান প্রথমে যুদ্ধ শুরু করবে না। কিন্তু হামলার শিকার হলে কঠোর জবাব দেওয়া হবে। গতকাল রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, কেউ যুদ্ধ চাপিয়ে দিলে আমাদের জবাব দেওয়ার অধিকার আছে।

ভারতের প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইন্ডিয়া কিছু নথির বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। সেনাবাহিনী ২০ ফেব্রুয়ারি কোয়েটার জিলানি হাসপাতালকে যুদ্ধকালীন প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী।