নোয়াখালীতে শোকের ছায়া ১৩ জনের দাফন সম্পন্ন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৫

ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়িসহ বিভিন্ন উপজেলায় হতভাগ্যদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাদের লাশ এলাকায় পৌঁছলে এক হূদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শোকে মুহ্যমান স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে আশপাশ। লাশ পৌঁছার পর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ১৩ জনের দাফন সম্পন্ন হয়। নিহতদের মধ্যে ব্যবসায়ী ও দোকান কর্মচারী রয়েছেন।

অগ্নিকাণ্ডে নিহত ১৩ জনের মধ্যে ১০ জন সোনাইমুড়ি, ২ জন বেগমগঞ্জ ও ১ জন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার সূত্রে জানা গেছে, সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহেব উল­্যার দুই ছেলে মাসুদ রানা ও মাহাবুবুর রহমান রাজু, পশ্চিম নাটেশ্বর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন, নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমদের ছেলে হেলাল হোসেন, মৃত সুরুজ মিয়ার ছেলে সিদ্দিক উল্লা, মির্জানগর গ্রামের মমিন উল্যার ছেলে সাহাদাত হোসেন হিরা, মৃত গাউছ আলমের ছেলে নাছির উদ্দিন, চানগাঁ গ্রামের রফিকুল মিয়ার স্ত্রী নয়না, ওয়াসিকপুরের আলী আযমের ছেলে আব্দুর রহিম দুলাল, বারোগা ইউনিয়নে দৌলতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেনের লাশ দাফন করা হয়েছে।

অপরদিকে, বেগমগঞ্জ   উপজেলার মুজাহিদপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেন, হরিদবল­ভপুরের মাহফুজুর রহমানের ছেলে মোশারফ হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী গ্রামের শহিদুল হকের ছেলে জসিম উদ্দিনের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।