জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) ৪৬তম ব্যাচের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসের মধ্যে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আল্টিমেটাম দেন।
এছাড়া ৪৬তম ব্যাচের বিগত পরীক্ষাগুলোর ফলাফল অতিদ্রুত প্রকাশ করা ও করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সালের পরিচালনায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নুর হোসেন বলেন, পাঁচ বছরেও অনার্স শেষ করতে পারিনি। এখনও তৃতীয় বর্ষের রেজাল্ট পাইনি। অথচ আমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা শিক্ষাজীবন শেষ করে চাকরি করছে। এই হতাশার শেষ কোথায়! তাই ফেব্রুয়ারি মাসের মধ্যেই চুড়ান্ত পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে।
শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারীর কারণে বারবার তাদের পরীক্ষা স্থগিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঠিক মতো ক্লাস-পরীক্ষা নেন না। ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।
মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
