৩০০ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, বিদ্যুতের আলোয় আলোকিত সিংড়ার ৫ লক্ষ মানুষ। ঘরে বসে বিদেশি আইটি কোম্পানিতে কাজ করে অর্থ উপার্জন করছে যুবকরা। যার অবদান সজিব ওয়াজেদ জয়ের।
শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় পৌরসভার জোড়মল্লিকা-নিংগইন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোম্পানি লিমিটেডের আয়োজনে শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অনুভূতির পাশাপাশি সহানুভূতি না থাকলে ন্যায় ও সাম্যের শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। উচ্চ শিক্ষার জন্য আর নাটোর, বগুড়া, রাজশাহী যেতে হয় না। আওয়ামী লীগ সরকার সিংড়ায় ৩টি অনার্স কলেজ করে দিয়েছে। ৫০ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। ৩২৯টি পৌরসভার রোল মডেল সিংড়া পৌরসভা। গত ১৩ বছরে সরকারের সকল অবদান জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পৌঁছে দিয়েছি। ডায়াবেটিক হাসপাতাল, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ ব্যাপক উন্নয়ন করেছি।

