নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯:১৩

রাজধানীর দক্ষিণখানে একজন মানসিক প্রতিবন্ধী নিজের টিনশেড ঘরে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের ভেতর থাকা আসবাবপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, দক্ষিণখানের প্রতিবন্ধী রোডের আনল এলাকার টিনশেড ঘরটিতে একাই থাকতেন জাহিদুল ইসলাম বিপ্লব (৪২)। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বজনরা ওই এলাকায় কিছুটা দূরে থাকেন। আগুনের খবরে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজনরা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চাইলে জাহিদুল বাধা দেন। তখন তাকে আটক করে বেঁধে ফেলা হয়।

জাহিদুলের ফুফাতো ভাই শাকিল জানায়, জাহিদুলের গ্রামের বাড়ি চাঁদপুর শাহরাস্তি। তার স্ত্রী-সন্তান নেই। আমি আর তার এক খালা তাকে দেখাশোনা করতাম। জাহিদুলের মানসিক সমস্যা থাকায় তাকে ওই এলাকার একটি প্রতিবন্ধী পুনর্বাসন হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হচ্ছিল। ওষুধ খেলে কিছুদিন ভালো থাকেন। শনিবার তাকে একটি হাসপাতালে ভর্তি করানোর কথা ছিল। এর ফাঁকে শুক্রবার তিনি এ ঘটনা ঘটান।

দক্ষিণখান থানার এসআই আসাদুজ্জামান বলেন, জাহিদুল একজন মানসিক প্রতিবন্ধী। আগুনে খাট, বিছানা, তোষক ও হাড়িপাতিল পুড়ে গেছে। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইত্তেফাক/ইউবি