গাজীপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৮

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ নিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এরা হচ্ছে- দিনাজপুরের নবাবগঞ্জ থানার বিয়াডাঙ্গা এলাকার তাজ মহল সরকারের ছেলে আজিজুল ইসলাম সরকার (৩০), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার আংগারু গ্রামের আঃ কুদ্দুসের ছেলে নাহিদ হাসান রাসেল খান (২৮) ও জামালপুরের ইসলামপুর থানার ফুলকারচর গ্রামের শহিদ মিয়ার ছেলে আসলাম মিয়া (২২)। এ ঘটনায় শুক্রবার গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুর এলাকার হাবিবুল্লা সড়ক এলাকায় ওয়াকিটকি ও হ্যান্ডকাপ নিয়ে সাধারণ মানুষকে ডিবি পুুলিশ পরিচয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করছিল একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা ওই এলাকার রমজান হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা, আল আমিন মণ্ডলের কাছ থেকে ২২ হাজার টাকা, শাহনাজের কাছ থেকে ৪ হাজার টাকা, সুরুজ মিয়ার কাছ থেকে ৯ হাজার টাকা কাজল রেখার কাছ থেকে ১৫ হাজার টাকাসহ এলাকার লোকজনকে গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায় করতে থাকে। পরে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে এলাকাবাসী। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তিনজনকে  আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তাদের ৩-৪ জন সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় রমজান হোসেন বাদি হয়ে শুক্রবার সদর থানায় মামলা দায়ের করেছেন।