গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে একদিনে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজারের পাশের একটি ডোবা থেকে ভিক্ষুক আলাউদ্দিন (৫০), গাজীপুর ইউনিয়নের আক্তাপাড়া গ্রাম থেকে তরুণী সাহিদা আক্তার (১৭), বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আর.এ.কে সিরামিক্স কারখানার নির্মাণ শ্রমিক সাখাওয়াত (৩৮) ও বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বৃদ্ধা ফিরুজা আক্তার (৭৪) বালুভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভিক্ষুক আলাউদ্দিন ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের মৃত আঃ হামিদের পুত্র। তিনি মাওনা এলাকায় থেকে ভিক্ষা করতেন। তরুণী সাহিদা আক্তার (১৭) গাজীপুর ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের সিরাজুল হকের মেয়ে। ধারণা করা হচ্ছে বিবাহ বিচ্ছেদের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। নির্মাণ শ্রমিক সাখাওয়াত হোসেনের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। তিনি শ্রীপুরের আর.এ.কে সিরামিক্স কারখানায় টিনের চালা পরিষ্কার করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বরমী ইউনিয়নের বড়নল গ্রামে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ফিরুজা আক্তার (৭৪) ঐ গ্রামের মৃত শরাফত আলীর স্ত্রী।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) শেখ সাদি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।
