দিনব্যাপী নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সমিতির সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদিকদের বিবেকের মাধ্যমে পরিচালিত হতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য জেনে নিয়ে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়, ভয় পেয়ে যায়। আশা রাখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সৎ সাংবাদিকতা করবে। আর চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দীর্ঘ সময় পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। এসময়ে তাদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি সংগঠনটি তার যোগ্যতা দিয়ে এসব কাটিয়ে যাবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদপত্র সমাজের দর্পণ। এই দর্পণকে দায়িত্বশীলতা দিয়ে কাজে লাগান। তাহলে সমাজব্যবস্থা কখনোই পেছন দিকে যাবে না।
এসময় মূখ্য আলোচনা রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় নৈতিকতার ভিত্তি আরও মজবুত করতে হবে। সাংবাদিকদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থের চেয়ে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কাউকে খুশি করার জন্য গুরুত্বপূর্ণ সংবাদ চাপিয়ে রাখা যাবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম, শিক্ষক সমিতির সেক্রেটারি সজিব কুমার ঘোষ, সংগঠনটির সাবেক সভাপতি ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দীন নিপু, সাবেক সভাপতি ও আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুল্লাহ।
আয়োজনে সাংবাদিক সমিতির সাবেক সদস্যবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
