২০১৭ সালে দায়িত্ব শুরুর পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা সবচেয়ে নিচে নেমে গেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং করোনা মহামারি ছড়িয়ে পড়ায় তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তবে এখনো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডাকেই সমর্থন করছেন বেশির ভাগ মানুষ। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।
সবশেষ ওয়ান নিউজ জনমত জরিপে দেখা গেছে, জাসিন্ডা আরডার্নের জনপ্রিয়তা চার পয়েন্ট কমেছে। বর্তমানে তাকে সমর্থন করছেন ৩৫ শতাংশ মানুষ। ২০১৭ সালে মেয়াদ শুরুর পর এটাই তার সবচেয়ে কম জনপ্রিয়তা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নতুন জাতীয় নেতা ক্রিস্টোফার লুক্সন জনমত জরিপে খানিকটা এগিয়ে গেলেও জ্যাসিন্ডার অনেক পেছনে তিনি। ১৩ শতাংশ থেকে বেড়ে লুক্সনের জনপ্রিয়তা দাঁড়িয়েছে ১৭ শতাংশে। নিউজিল্যান্ডের এক অস্হির সময়ে এই জনমত জরিপ অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি ছড়িয়ে পড়া দেশটিতে অস্হিরতা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ৩৪ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আক্রান্ত বাড়ায় বিয়ে, বিমানবন্দর, সঙ্গীত উত্সব সীমাবদ্ধ করা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা আগামী কয়েক সপ্তাহে দৈনিক শনাক্তের পরিমাণ হাজার ছাড়াবে। জনমত জরিপে জনপ্রিয়তা কমলেও নিজের সরকারের অবস্হানের পক্ষে অটল রয়েছেন জাসিন্ডা আরডার্ন।
