উজিরপুরে ব্রিজ ভেঙে লরি খালে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৯:২৭

উজিরপুরের ডাবেরকুল-ধামুড়া সড়কে একটি লোহার ব্রিজ ভেঙে ভেকু মেশিনসহ লরি খালে পড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে ঐ উপজেলার সাধারণ মানুষ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল স্কুল সংলগ্ন ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।

পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, ৫০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল। ব্রিজটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুব সকালে ভেকু মেশিনসহ লরিটি ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছিল। ভেকু মেশিনসহ লরিটি অতিরিক্ত ওজন হওয়ায় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় লস্করপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকোঠা, দক্ষিণ ধামুড়াসহ কয়েকটি ইউনিয়নের মানুষের সড়ক পথের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ভেকু মেশিনসহ লরিটি উদ্ধারে কাজ করা হচ্ছে জানিয়ে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. শহীদুল ইসলাম মৃধা বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় তাত্ক্ষণিক মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো দেওয়া হয়েছে। তাছাড়া ইতোপূর্বে এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন ব্রিজ হলেই মানুষের দুর্ভোগ লাগব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, ব্রিজটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত যোগাযোগব্যবস্হা স্বাভাবিক করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডির প্রকৌশলীদের বলা হয়েছে।

ইত্তেফাক/ ইআ