রাজধানীর দোয়েল চত্বরের কাছে শিশু একাডেমির সামনের রাস্তায় একটি নারকেল গাছ ভেঙে রিকসার ওপর পড়ায় গতকাল শুক্রবার রাতে মিতু ঘোষ (২২) নামে একটি মেয়ে মারা গেছেন। এ ঘটনায় মিতুর সঙ্গী রিকসাযাত্রী ধনঞ্জয়সহ মোট সাতজন আহত হয়েছেন। রাত সোয়া ৯টার দিকে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে যাওয়ার সময় শিশু একাডেমির সামনে রিকসার ওপর গাছটি ভেঙে পড়ে।
এই ঘটনায় অন্যান্য আহতরা হলেন, আবুজর গিফারী কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহাসিন খান (২১), সিএনজি আরোহী খোরশেদ আলম (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৭) ও দুই মেয়ে সেহরীন আলম (২০), সাজরিন আলম (৮)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক নারীও আহত হয়েছেন।
আহত ধনঞ্জয় জানান, মিতুর সঙ্গে তার এনগেজমেন্ট হয়েছিল। শুক্রবার তারা দুজনে মিলে বই মেলায় গিয়েছিলেন। সেখান থেকে রিকসাযোগে সূত্রাপুরের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
আহত সেলিনা আলমের ভাই হূদয় জানান, খুরশিদ আলম স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বই মেলায় গিয়েছিলেন। সেখান থেকে রাতে সিএনজি যোগে মগবাজারের বাসায় ফিরছিলেন। পথে দোয়েল চত্ত্বর পার হওয়ার সময় শিশু একাডেমির ভিতরের একটি নারকেল গাছ ভেঙে তাদের সিএনজিসহ বেশ কয়েকটি রিকসা-গাড়ির ওপর পড়ে। এতে তারা আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ৭ জনকে ঢামেক এর জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই নারীর অবস্থা সঙ্কটজনক।
