কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় মুন হসপিটাল নামক প্রাইভেট হাসপাতালের ৯ম তলার প্যাথলজি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্যাথলজি বিভাগের মাকছুদা আক্তার নামে একজন স্টাফ দগ্ধ হয়েছেন। ঘটনার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এসময় আগুনে প্যাথলজি ল্যাবের স্টাফ মাকছুদা আক্তারের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়। কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, কিভাবে আগুন লাগলো সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
