বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ ২ জেব্রার মধ্যে একটি শনিবার দুপুরে মারা গেছে। এ নিয়ে চলতি মাসে ১০ জেব্রার মৃত্যু হলো। সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দুটি জেব্রার অসুস্থ হওয়ার খবর জানিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সে দুটির একটি মারা গেছে।
জানা যায়, সর্বশেষ পার্কে ৩১টি জেব্রা ছিল। গত তিন সপ্তাহে ১০টি জেব্রা মৃত্যুর পর এখন সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়িয়েছে ২১ টিতে। তার মধ্যে একটি জেব্রা অসুস্থ রয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং এধরনের অসুস্থতার কারণ উদঘাটনে এর আগেও মেডিকেল বোর্ডের সদস্যরা সাফারি পার্কে জরুরি সভায় মিলিত হয়েছিলেন। এই বোর্ডের পরামর্শ মতো প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রাগুলোর মৃত্যুর জন্য প্রাণঘাতী ব্যাকটেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারিকে কারণ হিসেবে চিহ্নিত করেছে পার্ক কর্তৃপক্ষ। তবে প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় ঠিক করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
