যারা মানুষ পোড়ায়, তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে অমূলক মন্তব্য শোভা পায় না :তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র বলেছেন- ‘চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করার অপপ্রয়াসমূলক বিএনপির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সেই দায় নেতা হিসেবে বেগম জিয়া বা ফখরুল ইসলাম আলমগীর, কেউই এড়াতে পারেন না। সেগুলো এমন দুর্ঘটনা ছিলো না, ঘটনা ছিলো। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায় না। আর সবকিছুতে রাজনীতিতে নিয়ে আসা দেশ ও জাতির জন্য অশুভ।

গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে অভিনয় শিল্পীসংঘের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন- চকবাজারের মর্মান্তিক এ ঘটনায় প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়েছেন, বারবার দিকনির্দেশনা দিয়েছেন, সরকার পূর্ণ তত্পর রয়েছে। বিরোধী দলের উচিত এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।

অভিনয় শিল্পীসংঘের সম্মেলন উদ্বোধনী ভাষণে মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া ও অনুপ্রেরণাদায়ী সকল শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, শিল্পচর্চা জাতিকে সমৃদ্ধ করে। দেশের সংস্কৃতি অঙ্গনে অভিনয়শিল্পীদের অবদান সমুন্নত রাখতে বর্তমান সরকার গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ সাধনসহ বাস্তবমুখী পদক্ষেপসমূহ গ্রহণ করেছে। চলতি বছরে একুশে পদকপ্রাপ্ত তিন শিল্পী: সুবর্ণা মুস্তাফা, লিয়াকত আলী লাকী ও লাকী ইনামকে এসময় অভিনয় শিল্পীসংঘের সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী। অভিনয় শিল্পীসংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, তৌকির আহমেদ, আফসানা মিমি, মাহফুজ, তানভীন সুইটি, তানিয়া, আহসান হাবিব নাসিমসহ কয়েকশ’ অভিনয়শিল্পী সম্মেলনে অংশ নেন।