গাড়ি চালান ৭০ বছর, নেই ড্রাইভিং লাইসেন্স

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০০:৫৭

ঘটনাটি ব্রিটেনের নটিংহাম শহরের। একটি সুপার মার্কেটের গাড়ি পার্কিংয়ে এক গাড়িচালককে আটকাল পুলিশ। তার কাছে চাওয়া হলো ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্সের কাগজ। কিন্তু পুলিশ কর্মকর্তাদের অবাক করে দিয়ে ঐ ব্যক্তি জানালেন, তার কাছে ড্রাইভিং লাইসেন্স বা ইনসিওরেন্সের কাগজ নেই। এমনকি গত সাত দশকের বেশি সময় ধরে তিনি গাড়ি চালান, এই সময়ে তিনি কখনো ড্রাইভিং লাইসেন্স বা ইনসিওরেন্স করেননি।

দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি পুলিশের নিয়মিত টহলের সময় এ ঘটনা প্রকাশ্যে এসেছে। ঐ ব্যক্তির জন্ম ১৯৩৮ সালে। ১২ বছর বয়স থেকে তিনি গাড়ি চালান। তার কোনো ড্রাইভিং লাইসেন্স বা ইনসিওরেন্স ছিল না। কখনোই পুলিশ তাকে আটকে ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়নি।

এক পুলিশ কর্মকর্তা ফেসবুকে এ ঘটনার উল্লেখ করে বলেন, বিশ্বাস করতে কষ্ট হয় যে ঐ ব্যক্তি প্রায় ৭০ বছর ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়েছেন। সৌভাগ্যের বিষয় যে, তিনি কখনো দুর্ঘটনা ঘটাননি। ব্রিটেনে লাইসেন্স ছাড়া ড্রাইভিং শাস্তিযোগ্য অপরাধ। ইনসিওরেন্স না থাকলে পুলিশ গাড়ি জব্দ করতে পারে। ঐ ব্যক্তির ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পুলিশ কর্মকর্তারা বলেননি। তবে ইঙ্গিত দিয়েছেন, ঐ ব্যক্তির গাড়ি রেখে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে।

ইত্তেফাক/এসজেড