ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইউনিয়ন পরিষদ সচিবের সঙ্গে চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। এ ঘটনায় বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুত্ফর রহমান (লাল মিয়া) ও সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব জগলুল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নোটিশে তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, গত ২৮ নভেম্বর নবীনগর উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুত্ফর রহমান (লাল মিয়া) বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১১ জানুয়ারি তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেন। সম্প্রতি পার্শ্ববর্তী সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব জগলুল আহমেদের সাথে লুত্ফর রহমানকে মদ সেবন করতে দেখা যায় এক ভিডিওতে।
লুত্ফর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
তবে জগলুল আহমেদ বলেন, আমাদের সাথে থাকা কেউ এটার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে। আমরা নোটিশের জবাব দেব।
