নির্বাচনে অংশ নেওয়া শিল্পীদের পরিকল্পনাও মূল্যায়ন করব: নাসিম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২১:৫৭

দুই মেয়াদে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন জনপ্রিয় অভিনেতা আহসান হাবীব নাসিম। সেই ধারাবাহিকতায় এবার সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। সংগঠনটির কর্মপরিকল্পনাসহ নিজের অভিনয় ভাবনা নিয়ে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ এম রুবেল

অভিনয়শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। প্রথমবার সভাপতি হওয়ার অনুভূতি কীভাবে ব্যক্ত করবেন?

—যেকোনো বিজয় সবার জন্যই অনেক আনন্দের। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো-অভিনয় শিল্পকে যারা প্রসিদ্ধ করেছেন, এবারের নির্বাচনে তাদের উপস্থিতি। এছাড়া শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরো দায়িত্বশীল করেছে। তারা অনেক প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, চেষ্টা করব তাদের আস্থার জায়গা ধরে রাখার।

সভাপতি হিসেবে সংগঠনটি নিয়ে পরিকল্পনা কী?

—আমাদের লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারিতই বলা যায়। শিল্পীদের কর্ম পরিবেশ সৃষ্টি ও পেশাদারিত্ব নিশ্চিতে অভিনয়শিল্পী সংঘ কাজ করবে। সেই কাজগুলো কীভাবে সম্পাদন করা যায়, সেটা আমরা সবাই আলোচনা করে ঠিক করব। শুধু নির্বাচিত নন, যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের পরিকল্পনার মূল্যায়নও আমরা করব।

প্যানেল না গড়ে আপনারা এককভাবে নির্বাচন করেছেন। এর বিশেষ কোনো কারণ ছিল কি-না?

—এককভাবে নির্বাচনের উদ্দেশ্য ছিল আমাদের ভাতৃত্বের বন্ধনে যেন ছেদ না পড়ে। প্যানেল গড়লে বা দলাদলি হলে একে অন্যের পক্ষে-বিপক্ষে নানা কথা হয়। এতে শুধু সম্পর্ক খারাপ হয় তা না, পরবর্তীতে একসঙ্গে কাজ করতে গিয়েও সমস্যা হয়। আমরা চাই দিনশেষ শিল্পীরা একে অপরের সহকর্মী হোক। যে কারণেই আমাদের নির্বাচনটি জয়-পরাজয় ছাপিয়ে উৎসব হয়ে ওঠে।

একই ঘরানার শিল্পী নিয়ে কাজ করার প্রবণতায় অন্যরা কাজ বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা সমাধানে আপনার সংগঠনের ভূমিকা কী থাকবে?

—দেখুন, একজনকে ভালো লাগলে বা জনপ্রিয়তা থাকলে তাকে নিয়ে নির্মাতারা কাজ করবেন এটাই স্বাভাবিক। কারণ এখানে ব্যবসায়িক দিকটিও জড়িত থাকে। তবে আমরা শুধু শিল্পী কল্যাণ নয়, নাটকের মান নিয়েও কাজ করব। আমরা অন্যান্য সংগঠন ও চ্যানেলগুলোর সঙ্গে বসে এটা সমাধানের চেষ্টা করব।

শিল্পীদের পেশাদারিত্ব নিয়েও অভিযোগ রয়েছে। এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি-না?

এই অভিযোগ শুধু শিল্পীদের দেওয়া ঠিক হবে না। দুই পক্ষেরই কিছু মানুষ এই কাজটি করেন। বলতে পারেন, আমাদের ইন্ডাস্ট্রি এখনো পুরোপুরি পেশাদার হয়ে ওঠেনি। তবে সবাই আলোচনা এই জায়গার উন্নতি করতে হবে।

অভিনয়ের ব্যস্ততা নিয়ে জানতে চাই

—আমি তো বেশ কিছুদিন কাজ থেকে একটু দূরে ছিলাম। তবে সামনের মাস থেকে আবারো কাজ শুরু করব।

নাটকের বাইরে অন্যান্য শিল্পীদের ওটিটির কাজে দেখা গেলেও আপনাকে দেখেনি দর্শকরা। এই মাধ্যমটি নিয়ে আপনার প্রত্যাশা ও পরিকল্পনা কী?

নতুন এই মাধ্যম ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে যেহেতু এখানে টাকা দিয়ে দেখতে হয় সেহেতু এই মাধ্যমে আজগুবি কিছু দিলে হবে না। আমাদের নাটকের ঐতিহ্য আছে, অনেক গল্প আছে, সেগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে। ভালো গল্পের নাটক, সিরিজ মানুষ এখানো দেখেন। তাছাড়া সারাবিশ্বেই ভালো গল্পের গ্রহণযোগ্যতা আছে। কারণ একটি গল্প ভালো হলে চরিত্রগুলোও শক্তিশালী হয়ে ওঠে। আর ভালো গল্প ও চরিত্র পেলে আমিও অবশ্যই ওটিটির জন্য কাজ করব।

 

ইত্তেফাক/ইআ