ইউরোপে বিপুল সমরাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:০২

ইউক্রেন ইস্যুতে যুদ্ধের দামামা বাজছে পশ্চিমা বিশ্বে। যে কোনো মুহুর্তে বেধে যেতে পারে যুদ্ধে। এর মধ্যে ইউরোপে বিপুল সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দিলো যুক্তরাজ্য। শনিবার (৩০ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 

ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের জবাবে ব্রিটেন এই পদক্ষেপ নিলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে সেনা, অস্ত্র, যুদ্ধজাহাজ এবং জেট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। 

এক বিবৃতিতে জনসন বলেন, এই প্যাকেজ ক্রেমলিনকে একটি স্পষ্ট বার্তা পাঠাবে। আমরা রাশিয়ার অস্থিতিশীল কার্যকলাপ সহ্য করবো না। রুশ শত্রুতার মোকাবেলায় আমরা সবসময় আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে দাঁড়াবো।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমি আমাদের সশস্ত্র বাহিনীকে আগামী সপ্তাহে ইউরোপজুড়ে মোতায়েন করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছি। 

বরিস বলেন, প্রেসিডেন্ট পুতিন যদি ইউক্রেনে ‘রক্তপাত ও ধ্বংস’ বেছে নেন, তা হবে ‘ইউরোপের জন্য একটি ট্র্যাজেডি’। 

তবে এদিকে বার বার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে তাদের হামলার কোনো পরিকল্পনা নেই।  

 

ইত্তেফাক/এসআর