জাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা, অনলাইনে চলবে ক্লাস

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৪:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সশরীর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। তবে ক্লাস অনলাইনে চলমান থাকবে। 

রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, মৌখিক, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকএন্ড প্রোগ্রাম) যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীরে নেওয়া যাবে। এ বিষয়ে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে মৌখিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া যাবে।

এর আগে, গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক জরুরি সভায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ইত্তেফাক/এসটিএম