খাগড়াছড়িতে বৌদ্ধ বিহার অধ্যক্ষকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৫:২৪

খাগড়াছড়ি সদর উপজেলার গুগুড়াছড়িতে বৌদ্ধ বিহারের ধর্মীয় এক গুরুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ।

বিশুদ্ধা মহাথের (৫২) নামের এই বৌদ্ধ ভিক্ষু গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
 
পুলিশ জানায়, সোমবার (৩১ জানুয়ারি) সকালে ছোয়াইং (খাবার) দিতে এসে বৌদ্ধ ভিক্ষুকে বিহারের মধ্যে পড়ে থাকতে দেখেন গ্রামের একজন মহিলা। পরে বিষয়টি গ্রামবাসী জানতে পেরে পুলিশকে খবর দেন। বিহারে একাই ছিলেন তিনি। 

১ নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা জানান, ‘দুর্বৃত্তরা রাতে বিহারে ডাকাতি করতে এসে ধর্মীয় গুরুকে খুন করে থাকতে পারে।’  তবে, বৌদ্ধ ভিক্ষুর ছোট ভাই ক্যউচিং মারমা জানিয়েছেন, বিহার অধ্যক্ষের হাতে তেমন নগদ টাকা ছিলনা। দুইটি মোবাইল খোয়া গেছে। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, গতকাল (রোববার) মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বৌদ্ধ ধর্মীয় গুরুকে কুপিয়ে ও মাথায় আঘাত করে খুন করেছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজসহ প্রশাসনের কর্মকর্তারা।  এদিকে লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এই ধর্মগুরু বিগত ৩০ বছর ধরে ধর্ম প্রচার ও মানবসেবায় নিয়োজিত ছিলেন।

ইত্তেফাক/এআই