দিনাজপুরের ফুলবাড়ীর অপহৃত কলেজছাত্রী নূপুর মহন্তের উদ্ধারের দাবিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। এ সময় নূপুরকে উদ্ধারে র্যাবকে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে বিডিইআরএম।
ফুলবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।
লিখিত বক্তব্যে বলা হয়, ফুলবাড়ী উপজেলার চিন্তামন মাহালীপাড়া গ্রামের কলেজছাত্রী কিশোরী নূপুর মহন্তের অপহরণ ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ নূপুর মহন্ত উদ্ধারসহ অপহরণকারী উপজেলার চকএনায়েতপুর গ্রামের রুবেল ইসলামে (৩০) এখনো গ্রেফতার করতে পারেনি। উপরোন্ত মামলার চারজন আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি দিয়ে যাচ্ছে।
এতে করে নূপুরের পরিবার আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। উপরোন্ত অপহরণকারী রুবেলের সাথে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আসাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকলেও পুলিশ রহস্যজনক কারণে ওই ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে না। তদন্ত আর উদ্ধারের নামে কালক্ষেপণ করে যাচ্ছে তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। নূপুরকে উদ্ধারের জন্য তেমন কোন দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। এ কারণে নূপুরকে উদ্ধারে তদন্তকারী কর্মকর্তা ব্যর্থ হয়েছেন। এ কারণে নূপুরকে উদ্ধারে র্যাবকে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিভূতোষ রায়, জেলা কমিটির সভাপতি রাজেন্দ্র নাথ রায়, বাংলাদেশ সারি-সারনা গাঁওতা’র আহবায়ক চুন্নু টুডু, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাঁসদা, উপজেলা মহিলা অধিকার পরিষদের সভাপতি মমতা রাজবংশী, ফুলবাড়ী উপজেলা রবিদাস ফোরামের সভাপতি সন্ধ্যা রানী রবিদাস, ফুলবাড়ী উপজেলা আদিবাসী নারী ফোরামের সভাপতি সাবিনা টুডু, ফুলবাড়ী উপজেলা আদিবাসী স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডী, অপহৃত নূপুর মহন্তের পিতা অজল মহন্ত ও মাতা মিনা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, নূপুর মহন্তকে উদ্ধারে অভিযান চলছে। দু-চারদিনের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।
ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের চিন্তামন (মাহালীপাড়া) গ্রামের শ্রী অজল মহন্তের মেয়ে মাদিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নূপুর মহন্তকে (১৬) একই ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল ইসলামের (৩০) নেতৃত্বে পাঁচজন মিলে গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে কৌশলে বাড়ির সামনে ডেকে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে অপহৃতের পিতা অজল মহন্ত ১৯ জানুয়ারি উল্লেখিত পাঁচজনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ১৫ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার হয়নি কলেজছাত্রী নূপুর।
