সাতকানিয়ায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে উপজেলার ধর্মপুরের চাঁদেরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার আলী (৫৫)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কুন্ডরকুল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন-ধর্মপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (৪৫), আহমদুর রহমান (৫০), গিয়াস উদ্দিন (২৯), নারী ইউপি সদস্য প্রার্থী ফারহানা নাছরিন (৪৫), মোহাম্মদ হারুন (৪৩) ও আনজু আক্তার (৪২)।

বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকির কারণে এতদিন এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হতে পারিনি। আজ বেলা তিনটার দিকে চাঁদেরপাড়া এলাকায় প্রথম নির্বাচনী প্রচারণায় বের হই। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর লোকজন ভবনের ওপর থেকে ইট ছুঁড়ে মারলে আমার সমর্থক আনোয়ার আলী বুকে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাছাড়া নারী ইউপি সদস্য প্রার্থী ফারহানাসহ ৫ আহত হন। বিকেলের দিকে পুলিশের উপস্থিতিতে অ্যাম্বুলেন্স এনে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আনোয়ার আলী মারা যান।

এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী নাছির উদ্দিন বলেন, আমাদের কোন লোক ইলিয়াছ চৌধুরীর প্রচারণায় হামলা করেনি। তারা অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রচারণায় বের হয়েছিলেন। তাদের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিন ও আহমদুর রহমান আহত হয়েছেন। যিনি মারা গেছেন, তিনি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। কীভাবে তার মৃত্যু হয়েছে আমরা বলতে পারি না। 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো শিবলী নোমান বলেন, দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ইত্তেফাক/এএএম