নারায়ণগঞ্জে জঙ্গি হামলার চেষ্টা হতে পারে: শামীম ওসমান

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:৪৫
 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে বেইজ করে জামায়াত-শিবির এবং জঙ্গিরা আমাদের সাথে মোকাবেলা করতে না পরে আমাদের মুখপাত্রদের বেছে নিয়েছে। যারা মোস্তাকের (খন্দকার মোস্তাক) বংশের উত্তারিকারী। তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের নাম 'হিট এন্ড রান'। নারায়ণগঞ্জে থেকে তারা ভবিষ্যতে জঙ্গি আক্রমনের চেষ্টা করবে। ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জ থেকে তারা এই আক্রমন করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের আইনজীবী সমিতির ভবনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সম্মিলিত পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি।

নারায়ণগঞ্জ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, অ্যাডভোকেট আমিনুল হক, অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া প্রমুখ।