সাত খুন: র‌্যাবের ২ সদস্যকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:৫৬

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া র‌্যাব-১১ এর দুই সদস্য মেজর সুরুজ ও নায়েক আবদুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি তাদের জিজ্ঞাসাবাদ করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব জানান, আজ বৃহস্পতিবার তদন্ত কমিটি চারজনকে ডেকেছিলেন। তবে অসুস্থতাজনিত কারণে দুইজন উপস্থিত হতে পারেনি।

তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা জানান, সাত খুনের মামলাটি একটি জটিল ও স্পর্শকাতর বিষয়। তাই সাক্ষী জবানবন্দী দেয়া র‌্যাব সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার তদন্তে অনেক এগিয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।