জার্মানিতে বিরল প্রজাতির চারটি সিংহ শাবকের জন্ম

আপডেট : ২৬ আগস্ট ২০১৪, ১৫:৪৬

জার্মানির পূর্বাঞ্চলের একটি সার্কাসে চারটি বিরল প্রজাতির সাদা সিংহ শাবক জন্মগ্রহণ করেছে। বুধবার রাতে মিউনিখভিত্তিক সার্কাস ক্রোনে তারা জন্মগ্রহণ করে। এর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে শাবক রয়েছে। বর্তমানে সার্কাস দলটি মাগডেবার্গে অবস্থান করছে। সূত্র: বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শাবকগুলো খাবার খাচ্ছে, সুস্থ আছে ও খেলছে। শ্বেত রোগের কারণে যে শাবকগুলো সাদা হয়েছে তা নয়। শাবকগুলোর মা প্রিন্সেস (৭) এবং বাবা কিং টোঙ্গা (১১) তাদের শরীরে এমন এক ধরণের জিন বহন করছে যা পশ কে সাদা করে।

সার্কাসের একজন মুখপাত্র সুসানে মাটজেনাউ বিবিসিকে বলেছেন, শাবকগুলো দিয়ে অন্তত আগামী চার বছর সার্কাস শো করা হবে না। প্রথম এক বছর তারা তাদের মায়ের সঙ্গে সময় কাটাবে। এরপর অন্য সিংহের সাথে মিশবে ও তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি বলেন, চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শাবকগুলোর নাম দেয়া হবে।

এর আগে ২০১২ সালে প্রিন্সেস ও কিং টোঙ্গা ছয়টি শাবক জন্ম দিয়েছিল। চলতি বছরের এপ্রিলে কিং টোঙ্গা ও অন্য একটি নারী সিংহ ডায়মন্ড শাবকের জন্ম দিয়েছে।

সৌদি প্রিন্সের কাছ সার্কাস দলটি কিং টোঙ্গাকে উপহার হিসেবে পেয়েছিল। সিংহটির চারটি সিংহী রয়েছে। এর মধ্যে দুইটি সাদা ও দুইটি সোনালি রঙের সিংহী। 

গ্লোবাল হোয়াইট লায়ন প্রোটেকশন ট্রাস্ট (ডব্লিউএলটি) তাদের ওয়েব সাইটে জানিয়েছে, বিরল প্রজাতির এই সিংহ শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বৃহত্তর টিমভাটি অঞ্চলে স্বাভাবিক মাত্রায় রয়েছে।

কয়েকশো সাদা সিংহ বিশ্বজুড়ে কয়েকটি চিড়িয়াখানা ও সার্কাসে রয়েছে। এছাড়া শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার কয়েকটি এলাকায় কিছুসংখ্যক সাদা সিংহ দেখা যায়।