নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে নিত্য গোপাল সাহা (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ফতুল্লার দেলপাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ফিরোজ পেট্রোল পাম্পের কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিত্য গোপাল সাহার বাড়ি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকাতে। তিনি শহরের নয়ামাটি এলাকাতে থান কাপড় ও সুতার ব্যবসা করতেন।
নিত্য গোপাল সাহার স্ত্রী নিতু জানান, গতকাল শুক্রবার সকালে ব্যবসায়িক কাজে নরসিংদীর মাধবদিতে যান নিত্য গোপাল সাহা। রাত আটটার দিকে মোবাইল ফোনে নিত্য গোপাল সাহা নরসিংদী থেকে আসছেন বলে জানায়। কিন্তু রাত নয়টার দিকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে লাশটি শনাক্ত করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি।
নিতুর ধারণা, এটা হত্যাকাণ্ড।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রাত নয়টার দিকে লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরে বড় ধরনের আঘাতের কোন চিহ্ন নেই। তবে মুখে থেতলানোর আঘাত রয়েছে। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
