চাঁদপুরের মেঘনা নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মালবাহী কোস্টার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে পুরান বাজার এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ১ হাজার ৩০০ টন সিমেন্টের কাঁচামাল বহন করছিল কোস্টারটি। তবে এতে হতাহতের খবর পাওয়া যায় নি।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা ‘এমভি হেকমত’ নামের একটি তেলবাহী ট্যাংকের সঙ্গে চট্টগ্রাম থেকে ঘোড়াশালগামী সিমেন্টের কাঁচামালবাহী কোস্টার ‘এম ভি চিতলমারী’র ধাক্কা লাগে। এতে পুরান বাজারের কাছে মেঘনা নদীতে কোস্টারটি ডুবে যায়। কোস্টারটিতে ১ হাজার ৩০০ টন সিমেন্টের ক্লিংকার ছিল।
ডুবে যাওয়া কোস্টারে থাকা ১২ জন স্টাফ-কর্মচারীর সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। এ ঘটনায় এমভি হেকমতকে আটক করা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ডুবে যাওয়া ‘এমভি চিতলমারী’র মাস্টার মো. আমিনুল ইসলাম জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এমভি হেকমতের সঙ্গে ধাক্কা লেগে কোস্টারটি ডুবে যায়।
