সাকিব আল হাসানের শাস্তি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে খেলতে পারবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এছাড়া এ মৌসুমেই ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারবেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় সাকিবের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান।
এর আগে গত ৭ জুলাই শৃঙ্খলাভঙ্গের কয়েকটি অভিযোগে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এছাড়া আগামী দেড় বছর দেশের বাইরে কোনো প্রতিযোগিতায় খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। পরে ক্রিকেটে ফিরতে বিসিবিতে আপিল করেন সাকিব।
বিসিবি সভাপতি জানান, সাকিব তার ভুল বুঝতে পেরেছেন। তার আপিলের চিঠি দেখে বিসিসি সন্তুষ্ট হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন সাকিব। আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।
