আগামী বছর এপ্রিলে বিপিএলের তৃতীয় আসর

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ০১:১৪

টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের আসর এ বছর বসবে না। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান এ কথা জানান। এ বছর আগের পাওনা আদায়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ও বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেমঅনের কাছ থেকে পাওনা আদায়ে এবার বিসিবি কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নাজমুল হাসান বলেণ, “বারবার বলা সত্ত্বেও আমরা তাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাইনি। বেশ কিছু স্থানীয় ও বিদেশি খেলোয়াড়ের টাকা এখনো বকেয়া রয়েছে। বোর্ড এটার দায়িত্ব নিয়েছিল, তাই খেলোয়াড়দের টাকাটা আমরা দিয়ে দিচ্ছি।”
তিনি বলেন, বিপিএলের তৃতীয় এ আসরটি হতে পারে ২০১৫ সালের এপ্রিলে ক্রিকেট বিশ্বকাপের পর। উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে ওয়ানডে বিশ্বকাপ।
নাজমুল হাসান বলেন, “বিপিএলের তৃতীয় আসর আয়োজনের জন্য তিনটি তারিখ আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। একটি ছিল ডিসেম্বর, অপরটি বিশ্বকাপের পরপর এপ্রিল আর আগামী বছরের নভেম্বরে। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি এটা এপ্রিলেই হবে।”

বোর্ড খেলোয়াড়দের টাকা পরিশোধ করলেও কারো ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান নাজমুল হাসান। “আমরা কয়েক দিনের মধ্যেই সবগুলো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাচ্ছি। আর গেমঅনের প্রতিনিধির সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করে দিয়েছি। আলোচনা করে ১৫ দিনের মধ্যে তারা আমাদের রিপোর্ট দেবে।”