ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজার কাছে মঙ্গলবার রাতে আট হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটকৃতরা হলেন, মোটরসাইকেল চালক নরসিংদী জেলা সদরের পশ্চিম কান্দিপাড়ার মো. রাজু মিয়া (৩০) ও মোটরসাইকেল আরোহী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা গ্রামের শহীদুল ইসলাম (২৭)। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। রাত আটটার দিকে ভৈরবগামী একটি মোটরসাইকেল আটক করে চালক মো. রাজু (২৮) এবং মোটরসাইকেল আরোহী মো শহিদুলের সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে দুইটি হরলিক্সের কৌটায় আট হাজার পিস ইয়াবা বড়িসহ তাদেরকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের টিএসআই মো. আব্দুল কুদ্দুস বাদী হয়ে আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে।
