৪০৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট রওনা হয়েছে। আজ বুধবার সকাল সাতটা ১৫ মিনিটে বিমানের বিজি-১০১১ ফাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে।
কর্মকর্তারা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী মতিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান।
রাশেদ খান মেনন বলেন, হজযাত্রীদের ফেরার সময় দুর্ভোগ লাঘবে এবার সৌদি আবরে তিনটি স্থানে চেক-ইনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, বেসরকারি হজ ফ্লাইট ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবারে হজযাত্রীদের কেনো সমস্যা হবে না।
বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে বিমানের দ্বিতীয়, পাঁচটা ৫ মিনিটে তৃতীয় এবং রাত ১১টা ৫৯ মিনিটে চতুর্থ হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
